logo

দুর্ঘটনা

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন লাগলেও স্থানীয়দের প্রচেষ্টায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা সংবাদদাতা

Location :

Gazaria
ছবি: দৈনিক সংগ্রাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পরিবার পরিকল্পনা বিভাগের প্রসিডিউর (ওটি) কক্ষে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগের ওই কক্ষে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন সেবা, কপার-টি, লাইগেশনসহ নানা ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। ঘটনার সময় কক্ষের ভেতরে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে স্ট্যাবিলাইজার মেশিনে কাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের সংযোগ পাইপে লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন কক্ষের দরজা পর্যন্ত ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন রোগী, সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনসহ কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপদ স্থানে বের হয়ে আসেন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে তাদের পৌঁছানোর আগেই হাসপাতালের লোকজন ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।