logo

দুর্ঘটনা

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, হেলপার নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ও ফায়ার সার্ভিস নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংগ্রাম ডেস্ক

Location :

Gopalganj
ছবি: দৈনিক সংগ্রাম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ সেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী একটি ট্রাক এবং খুলনা থেকে ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে ঢাকাগামী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ সড়কের উপর উল্টে যায়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের হেলপার মাসুদ সেখ গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার ফলে পিকআপের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিম জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।