logo

দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা সাবস্টেশনে আগুনে অক্সিলারি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

অনলাইন ডেস্ক

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড।
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড। |ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকার একটি পুরোনো বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দাতিয়ারা এলাকার সাবস্টেশনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে ভোর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় শহরের কয়েকটি এলাকার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেরামতকাজ শেষ হলে পর্যায়ক্রমে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।