logo

দুর্ঘটনা

গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এবং সাময়িক বিঘ্ন শেষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা

Location :

Gaibandha
ছবি: দৈনিক সংগ্রাম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার ভোরে উপজেলার বকচর এলাকায় হিমাদ্রি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি এসি কোচ ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।