logo

দুর্ঘটনা

গোবিন্দগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উপজেলা সংবাদদাতা

Location :

Gaibandha
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকসহ দুজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাঁড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হরিরামপুর পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে পেশায় গাছকাটা শ্রমিক মওলা (৩৫) এবং একই ইউনিয়নের দাঁড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মওলা দীর্ঘদিন ধরে এলাকায় ইউক্যালিপটাসসহ বিভিন্ন গাছ কাটার কাজ করে আসছিলেন। বুধবার সকালে তিনি দাঁড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত কাটা গাছটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান লাইনের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। পরবর্তীতে মাটিতে পড়ে থাকা গাছটি সরানোর চেষ্টা করলে মওলা ও পাশে থাকা আজিমুদ্দীন দুজনই বিদ্যুতায়িত হন।

ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।