logo

দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আজমল হুদার বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজমল হুদার বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

অনলাইন ডেস্ক

Location :

Brahmanbaria
ছবি: দৈনিক সংগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ নম্বর মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহেরচর গ্রামের বাসিন্দা, মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদার ছোট ভাই এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১৩ নম্বর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজমল হুদার বসতবাড়িতে গত রাতে রাত ১২টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা ও সন্দেহের সৃষ্টি হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মোঃ আজমল হুদার বড় ভাই অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁর আরেক বড় ভাই ভিপি নাজমুল হুদা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির সদস্য।