ছয় দফা দাবি সামনে রেখে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা গোলাপ শাহ মাজার মসজিদ এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে গুলিস্তান এলাকার বিভিন্ন স্থানে তাঁরা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি ক্ষমতার জন্য একটি মেনে নিলেও রাষ্ট্র সংস্কারের জন্য আরেকটি মেনে নেয়নি। তাঁর দাবি, বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না বলেই গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া গণরায় উপেক্ষা করেছে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা থেকেই বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের পুরোনো পথে যাত্রা শুরু করেছে।
বিএনপির অতীত ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহজে মেনে না নিয়ে বিএনপি নিজেদের ও দেশের যে ক্ষতি করেছে, একইভাবে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করেও তারা নিজেদের ও দেশের ক্ষতি করছে।
তিনি বলেন, একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বিএনপি বলেছিল, ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।’ পরবর্তীতে দলটিকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। একইভাবে ক্ষমতার জোরে এখন গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলেও ভবিষ্যতে বিএনপিকে জুলাই সনদের দাবিতে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
লংমার্চের ছয় দফা দাবি তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, দাবিগুলো হলো—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
তিনি ঢাকাবাসীর প্রতি আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ছয় দফা দাবি শুধু ১১ দলীয় ঐক্যের স্বার্থে নয়, বরং জনগণের স্বার্থে উত্থাপন করা হয়েছে। এসব দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে। সরকার সংসদে জনগণের দাবি মেনে না নিলে রাজপথে আন্দোলনের মাধ্যমে ছয় দফা দাবি আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নিজ মন্ত্রণালয়ে ব্যর্থ হলেও তিনি অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দায়িত্ব পালনে বক্তব্য দিয়ে যাচ্ছেন। নিজের মন্ত্রণালয়ে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রীদের পক্ষে সংসদে ও সংসদের বাইরে বক্তব্য দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ‘সবজান্তা সর্বমন্ত্রী’ হিসেবে জাতির কাছে হাস্যরসে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
পরে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।
এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।