logo

গ্রাম-গঞ্জ-শহর

বাউফলে বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন করলেন ড. মাসুদ এমপি

বাউফল উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক নাগরিক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা শুনেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজেকে বাউফলের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি উল্লেখ করে শিক্ষা, নদীভাঙন, ভূমি জটিলতা ও মাদক নিয়ন্ত্রণসহ স্থানীয় জনগণের উত্থাপিত নানা দাবি ও সুপারিশ জাতীয় সংসদে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক

Location :

Patuakhali
ছবি: সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের "ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড.শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১২ জুন) বেলা ১২টায় বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে এ নাগরিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাউফল উপজেলা জামায়াত। সভায় বাউফল উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশগ্রহণ করে মতামত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “বাউফলের ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতেই আজকের এই আয়োজন। এখান থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করার অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, আমি কোনো দলের একক এমপি নয়, বরং বাউফলের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখায়ই আমার লক্ষ্য। তিনি আরও বলেন, “বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।”

বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। শিক্ষা খাতের প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার আহ্বান জানানো হয়।

এছাড়া ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বন্দোবস্ত প্রদান, নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল ও জিতেন্দ্রনাথ।