logo

গ্রাম-গঞ্জ-শহর

চৌদ্দগ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার, নজর কাড়ছে ‘তারুণ্য’

কুমিল্লার চৌদ্দগ্রামের পন্নারা গ্রামে প্রবাসী ও স্থানীয়দের আর্থিক সহায়তায় ‘তারুণ্য’ নামক সামাজিক সংগঠনের তরুণরা স্বেচ্ছাশ্রমে বেহাল সড়কগুলো সংস্কার করে মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব করেছে।

জেলা সংবাদদাতা

Location :

Cumilla
‘তারুণ্য’ নামক সামাজিক সংগঠনের তরুণরা স্বেচ্ছাশ্রমে বেহাল সড়কগুলো সংস্কার করছে
‘তারুণ্য’ নামক সামাজিক সংগঠনের তরুণরা স্বেচ্ছাশ্রমে বেহাল সড়কগুলো সংস্কার করছে |ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়াচ্ছে সামাজিক সংগঠন ‘তারুণ্য’। গ্রামের বিভিন্ন সড়ক চলাচলের উপযোগী করতে সংগঠনটির একঝাঁক তরুণ কয়েকদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পন্নারা-ভানুস্বর সড়ক, পন্নারা-শাকতলা সড়ক, পন্নারা-ডাকাতিয়া নদী সড়কসহ গ্রামের কয়েকটি পথ বেহাল অবস্থায় ছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সেই জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে ‘তারুণ্য’ সংগঠনের উদ্যোগে নিজেদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক সংস্কার কার্যক্রম শুরু করা হয়।

এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন গ্রামের সিএনজি চালক, প্রবাসী ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা। সার্বিকভাবে সহযোগিতা করেন পলাশ, রকিবুল ইসলাম রকি, শরিয়ত উল্লাহ হাসান, ফারুক হোসেনসহ আরও অনেকে।

স্থানীয়রা বলেন, "সরকারি উদ্যোগের অপেক্ষা না করে তরুণদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত। এতে যেমন মানুষের দুর্ভোগ কমবে, তেমনি তরুণদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি চমৎকারভাবে ফুটে উঠেছে।"

‘তারুণ্য’ সংগঠনের সদস্যরা বলেন, "মানবসেবা ও গ্রামের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে আমাদের সংগঠনের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

এলাকাবাসী এই চমৎকার উদ্যোগে সহযোগিতাকারী প্রবাসী ও স্থানীয় শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ‘তারুণ্য’ সংগঠনের সদস্যদের এই স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।