logo

গ্রাম-গঞ্জ-শহর

সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে: গোলাম রসুল

জেলা সংবাদদাতা

Location :

Jashore

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জামায়াতের কর্মীদের শুধু রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না তাদের সমাজের মানুষের কল্যাণে নিবেদিত সমাজকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই একজন আদর্শ কর্মীর দায়িত্ব।

রোববার (২৩ আগস্ট) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগারিতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে কর্মীদের মানুষের কাছে যেতে হবে। মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। একজন কর্মীর আচরণ, কথা ও কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের আদর্শ ও নৈতিকতার প্রতিফলন ঘটতে হবে। সমাজের সাধারণ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলে তাদের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই রাজনৈতিক কর্মীদের গ্রহণযোগ্যতা তৈরি হয়।

তিনি আরও বলেন, দেশ ও সমাজের পরিবর্তনের জন্য শুধু স্লোগান যথেষ্ট নয়। প্রয়োজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব। এজন্য জামায়াতের কর্মীদের নিজেদের জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতা উন্নত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কর্মীদের ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়। রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়ন। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে রাজনৈতিক নেতাকর্মীদের মানুষের কাছাকাছি যেতে হবে। মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত ভূমিকা প্রয়োজন। তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম বলেন, সংগঠনের প্রত্যেক কর্মীকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ এলাকায় কাজ করতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের আস্থা অর্জনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন, সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের কর্মীরা। তাই কর্মীদের প্রশিক্ষিত, দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে কল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচএম শামীম হোসাইন বক্তব্য রাখেন। ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।