logo

গ্রাম-গঞ্জ-শহর

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আবু বকরের ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ও প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মোঃ আবু বকরের প্রয়াণে ঝিনাইদহে তাঁর পৈতৃক ভিটায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

অনলাইন ডেস্ক

Location :

Jhenaidah
বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু বকর
বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু বকর |ছবি: সংগৃহীত

৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাবেক কর্মকর্তা জনাব মোঃ আবু বকর গতকাল সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আজ মঙ্গলবার পৈতৃক ভিটা ঝিনাইদহের পারিবারিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁকে দাফন করা হয়েছে।

মরহুম মোঃ আবু বকর ষাটের দশকে মাগুরা কলেজ, কুষ্টিয়া কলেজ ও ঝিনাইদহ কলেজে সফলতার সাথে ইংরেজির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীকালে তিনি সিভিল সার্ভিসে যোগ দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। একজন গুণী লেখক হিসেবে অমর একুশে বইমেলায় তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে।

ব্যক্তিজীবনে তিনি ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা (পিআরএল রত) জনাব এ এম মোস্তফা তারেক এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. রোকসানা তারান্নুমের পিতা।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ঢাকা ওয়াসা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।