logo

গ্রাম-গঞ্জ-শহর

বৃষ্টিতে ভিজেও গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বৃষ্টিতে ভিজেও বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর

Location :

Gazipur
ছবি: দৈনিক সংগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত র‌্যালিতে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন, ব্যান্ড পার্টি ও ঘোড়ার গাড়ি ছিল। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। জয়দেবপুর চৌরাস্তা সড়কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

পরে শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, ভিপি জয়নাল আবেদীন তালুকদার,অধ্যাপক নজরুল ইসলাম, গাজী সালাউদ্দিন, সরকার জাবেদ সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, ভিপি আসাদুজ্জামান নূর, কামাল উদ্দিনসহ অনেকে।

বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন স্লোগান দেন। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র ও ঘোড়ার গাড়ি র‌্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।

আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার পাশাপাশি দলের প্রতিষ্ঠার ইতিহাস ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।