logo

গ্রাম-গঞ্জ-শহর

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাটহাজারীতে জনতার ঢল, আল্লামা শফীর কবর জিয়ারত

প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীতে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন এবং তাঁর আগমনকে কেন্দ্র করে সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

উপজেলা সংবাদদাতা

Location :

Chattogram
তারেক রহমান হাটহাজারীতে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন
তারেক রহমান হাটহাজারীতে পৌঁছে আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন |ছবি: দৈনিক সংগ্রাম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে হাটহাজারী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বিকেল থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়কপথে ফটিকছড়ি থেকে হাটহাজারীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর গাড়িবহর হাটহাজারীতে প্রবেশের সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। তাঁদের কণ্ঠে শোনা যায়—‘খুশি খুশি লাগছে, তারেক রহমান আসবে’ এবং ‘হাটহাজারীবাসী ডাকছে, তারেক রহমান আসছে’—এমন নানা স্লোগান। স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো হাটহাজারী।

হাটহাজারীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী) মাদরাসায় যান। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর কবর জিয়ারত করেন তিনি।

এরপর হাটহাজারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত ৩০টি পরিবারের গৃহ নির্মাণে মানবিক সহায়তা কর্মসূচির মঞ্চে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরেও উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে দীর্ঘ সময় অপেক্ষা করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।