logo

গ্রাম-গঞ্জ-শহর

সীরাতের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে : গাজী এনামুল হক এমপি

যশোরে সীরাত কনফারেন্সে গাজী এনামুল হক এমপি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও পেশাজীবনে কোরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

জেলা সংবাদদাতা

Location :

Jashore
ছবি: দৈনিক সংগ্রাম

সীরাতের আলোচনার মূল শিক্ষা হলো জীবনের বাকি দিনগুলোতে আল্লাহর নির্দেশিত পথ ও রাসুলুল্লাহ (সা.)-এর বাস্তব জীবনাদর্শ অনুসরণ করা। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কিংবা পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনকে সংশোধন করা সম্ভব বলে মন্তব্য করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট গাজী এনামুল হক।

বুধবার (২৬ আগস্ট) যশোর শহরের জেস টাওয়ারে অবস্থিত ক্যাফে ডিলাইট কনফারেন্স হলে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘সীরাত কনফারেন্স ২০২৬’ ও সীরাত অলিম্পিয়াডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনডিএফ যশোর জেলা শাখার সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা হাসান আল-মামুন লাল।

প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর চরিত্র ছিল পবিত্র কোরআনের বাস্তব প্রতিফলন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিজীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং পেশাগত ক্ষেত্রে ন্যায়, সততা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিশেষ করে চিকিৎসকদের মানবসেবা ও পেশাগত দায়িত্ব পালনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, ইসলামে দ্বৈত বা খণ্ডিত জীবনযাপনের সুযোগ নেই। জীবনের একটি অংশে ইসলামের বিধান মেনে অন্য অংশে তা উপেক্ষা করলে পূর্ণাঙ্গ জীবনাদর্শ বাস্তবায়ন হয় না। সীরাতের শিক্ষা ধারণ করে নিজেদের ভুলত্রুটি সংশোধন এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে হবে।

প্রধান আলোচক মাওলানা হাসান আল-মামুন লাল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সীরাতের বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে। ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নই সফলতার অন্যতম পথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পেশাজীবী শাখার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন ও বায়োফার্মা লিমিটেডের সিনিয়র ডেপুটি সেলস ম্যানেজার মাকসুদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন এনডিএফ যশোর জেলা শাখার সহসভাপতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান। এ সময় পেশাজীবী থানা শাখার সেক্রেটারি জি এম আবু ফয়সল, এনডিএফ যশোর জেলা শাখার সহসভাপতি ডা. আনিছুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের এনডিএফ সভাপতি ডা. শের আলী।

অনুষ্ঠান শেষে সীরাত অলিম্পিয়াডে বিজয়ী ১০ জনের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।