logo

গ্রাম-গঞ্জ-শহর

ঢাকার পূর্বাঞ্চলে ওয়াইল্ড ৭০.৩ চ্যাম্পিয়ন সাতক্ষীরার তৌফিকুজ্জামান

সাতক্ষীরার তৌফিকুজ্জামান ঢাকার ওয়াইল্ড ৭০.৩ চ্যাম্পিয়নশিপে সাঁতার, সাইক্লিং ও দৌড়ে সাফল্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জেলা সংবাদদাতা

Location :

Satkhira
ছবি: সংগৃহীত

ঢাকার পূর্বাঞ্চলে সম্প্রতি অনুষ্ঠিত ওয়াইল্ড ৭০.৩ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাতক্ষীরার কৃতী ক্রীড়াবিদ তৌফিকুজ্জামান। তাঁর এ অর্জনে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

তৌফিকুজ্জামান সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এম এম আব্দুর রউফের ছেলে। বিশ্বের অন্যতম কঠিন সহনশীলতাভিত্তিক এ প্রতিযোগিতায় এমটিভি ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করে প্রথম স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। দীর্ঘদিনের কঠোর অনুশীলন, শারীরিক সক্ষমতা, আত্মনিবেদন ও দৃঢ় মানসিকতার মাধ্যমে তৌফিকুজ্জামান এ সাফল্য অর্জন করেন।

এর আগে একই প্রতিযোগিতায় ২০২৪ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৫ সালে প্রথম রানারআপ হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। ফলে ধারাবাহিকভাবে তিন বছর সাফল্য অর্জন করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

তৌফিকুজ্জামানের এ সাফল্যে সাতক্ষীরার বিভিন্ন ক্রীড়া সংগঠন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ জীবনধারার প্রতি আরও উৎসাহিত করবে।

চ্যাম্পিয়ন হওয়ার পর তৌফিকুজ্জামান বলেন, “এই অর্জন শুধু আমার নয়; এটি আমার পরিবার, কোচ ও সকল শুভাকাঙ্ক্ষীর। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে আমি নিরলস পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ।”