logo

অপরাধ

বিজিবির অভিযান

যশোরে দুই কোটি টাকার স্বর্ণবার উদ্ধার, আটক ২

যশোরে পৃথক অভিযানে প্রায় দুই কোটি ১১ লাখ টাকার মূল্যের স্বর্ণবারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলা সংবাদদাতা

Location :

Jessore Sadar

যশোরে পৃথক অভিযানে প্রায় দুই কোটি ১১ লাখ টাকার মূল্যের স্বর্ণবারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণবার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহ জেলার পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানায়, আটককৃতদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।