logo

অপরাধ

নাটোর -নওগাঁ মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, দুইজনকে জরিমানা

নাটোরের নলডাঙ্গায় নাটোর-নওগাঁ মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াইয়ের মাধ্যমে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা সংবাদদাতা

Location :

Natore
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর ভুট্টা মাড়াই করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় দুটি পৃথক মামলায় মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— মো. সুমন (২৮), পিতা: মো. হাসেন এবং মোছা. রিনা বেগম, পিতা: আবুল হোসেন। দুজনের বাড়ি সোনাপাতিল এলাকায়।

অভিযান চলাকালে নলডাঙ্গা থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন বলেন, "মহাসড়ক দখল করে শস্য মাড়াই বা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।