logo

অপরাধ

শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, ফাঁদে ফেলে টাকা আদায়

গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা আদায়কারী ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

উপজেলা সংবাদদাতা

Location :

Sripur
ছবি: দৈনিক সংগ্রাম

সন্ধ্যা নামলেই টেপিরবাড়ির একটি নির্দিষ্ট বাড়ির সামনে নিয়মিত দেখা যেত একের পর এক মোটরসাইকেল। স্থানীয়দের কাছে বিষয়টি পরিচিত এক দৃশ্য হলেও এর আড়ালে কী চলত, তা নিয়ে ছিল নানা গুঞ্জন। অবশেষে স্থানীয় লোকজনের সহায়তায় সেই চাঞ্চল্যকর ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইল করার চক্রের চার সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা ওই বাড়িটি ঘিরে ফেলে চারজনকে আটক করেন এবং পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন।

অভিযুক্তরা হলেন—জান্নাত রীতু, জান্নাতুল ফেরদৌস মারিয়া, বাড়ির মালিক খোকনের স্ত্রী সেলিনা ও মাহবুব। স্থানীয়দের সূত্রে জানা গেছে, আটক রীতু ও মারিয়া স্থানীয় মাওনা পিয়ার আলী কলেজের শিক্ষার্থী। এছাড়া ঘটনার মূল অভিযুক্তদের একজন মুক্তা নামের এক তরুণী এ সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন তরুণকে ওই বাড়িতে ডেকে আনা হতো। প্রথমে পরিচয় ও পরে প্রেমের সম্পর্কের অভিনয় করে তরুণদের ফাঁদে ফেলা হতো। বাড়িতে আসার পর বিভিন্ন কৌশলে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা পরিবারের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করত এই চক্রটি।

ঘটনার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন বিক্ষুব্ধ জনতা চক্রটির সদস্যদের মারধর করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর বাড়িটির সামনে ৩-৪টি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকত। তরুণদের বাড়ির ভেতরে নেওয়ার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হতো, যাতে বাইরে থেকে মনে হয় বাড়িতে কেউ নেই।

ব্ল্যাকমেইলের পাশাপাশি বাড়ির মালিক খোকন ও তাঁর স্ত্রী সেলিনার বিরুদ্ধে ওই বাড়িতে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকারও গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।