logo

অপরাধ

কালিয়াকৈরে মাদকের বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে বাস হেলপার নিহত

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামের রাজধানী পরিবহনের এক বাস হেলপার নিহত হয়েছেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর

Location :

Gazipur
কালিয়াকৈর থানা পুলিশ নিহত আকাশের লাশ উদ্ধার করে
কালিয়াকৈর থানা পুলিশ নিহত আকাশের লাশ উদ্ধার করে

গাজীপুরের কালিয়াকৈরে মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে রাজধানী পরিবহনের এক বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ শাকিল নামে একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রাজধানী পরিবহনের একটি বাসের হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আকাশসহ চার বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে তাদের মধ্যে একজন আকাশকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে বিরোধের একপর্যায়ে আকাশকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। শাকিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।