logo

অপরাধ

ঝালকাঠিতে ৬০ বছরের অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে ৬০ বছরের এক অন্ধ নারীকে তুলে নিয়ে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বেলাল সিকদার ও মোটরসাইকেল চালক নাসির নামের দুজনকে আটক করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক

Location :

Jhalokati
প্রতীকী ছবি

ঝালকাঠিতে ষাটোর্ধ্ব এক অন্ধ নারীকে তুলে নিয়ে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলাল সিকদার (৪৫) ও মোটরসাইকেল চালক নাসির নামের দুজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী ঝালকাঠি সদর হাসপাতাল এলাকায় অবস্থান করে আসছিলেন। তাঁর স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। তিন ছেলে ও তিন মেয়ের জননী হলেও সন্তানরা হতদরিদ্র হওয়ায় কেউ তাঁর খোঁজখবর রাখতেন না। ফলে তিন বেলা খাবারের আশায় গত এক বছর ধরে তিনি হাসপাতালের বারান্দা বা রোগীদের খালি বিছানায় দিন কাটাচ্ছিলেন।

ভুক্তভোগী নারীর ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি ফাঁকা শয্যা থেকে রাত তিনটার দিকে খাবার খাওয়ানোর কথা বলে তাঁকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান দুই ব্যক্তি। অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে প্রথমে একবার ধর্ষণ করা হয়। এরপর ভোরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স গ্যারেজের ভেতর তাঁকে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়। এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে হাসপাতালের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের নিয়মিত ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে জরুরি ভিত্তিতে ভর্তি করে পুলিশকে খবর দেওয়া হয় এবং অপরাধীদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, পাশের শয্যার এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল এলাকা থেকে বেলাল সিকদারকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা পৌনে দুইটার দিকে বরিশাল থেকে মোটরসাইকেল চালক নাসিরকে আটক করা হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।