স্টাফ রিপোর্টার
সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ইন্তিকাল করেন।
কাজিম রেজার বড় ভাই ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর সৈয়দ মুসা রেজা জানিয়েছেন, গতকাল মাগরিবের নামাযের পর প্রেস ক্লাবে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। এরপর রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাযা শেষে সেখানেই স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়।
সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী ও চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান। তার দু’টি কন্যাসন্তান রয়েছে। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।
এদিকে, সিনিয়র সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাজিম রেজা সারাজীবন গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য লড়াই করে গেছেন। তিনি কখনো মিথ্যা ও অন্যায়ের সাথে আপস করেন নি। বিএফইউজে ও ডিইউজে’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালেও সততা, নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে সবশেষ কর্মস্থল বাসস থেকে চাকরিচ্যুত কাজিম রেজা দীর্ঘদিন বেকারত্বের মধ্যে অর্থকষ্টে এবং অনেকটা বিনা চিকিৎসায় আজ বুধবার ইন্তিকাল করেন। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।