logo

শিক্ষাঙ্গন

অছাত্ররা রাজনীতি নয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করুন : জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি বন্ধ করে নিয়মিত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন এবং গত ৪ আগস্টের হামলার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে সুষ্ঠু পদক্ষেপ ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

জবি রিপোর্টার
সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন
সংবাদ সম্মেলনে জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন

জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করার যে অধিকার, সেটা শুধু ছাত্রদের জন্য, নিয়মিত ছাত্রদের জন্য হওয়া দরকার। যাদের শিক্ষাজীবন শেষ হয়েছে তাদের উচিত অ্যাসোসিয়েশন গঠন করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "একটি ক্যাম্পাসকে সুস্থ ও সুন্দরভাবে পরিচালনা করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ যারা নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তাদেরই ক্যাম্পাসের কর্মকাণ্ডে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে অছাত্রদের ক্যাম্পাসে আসা-যাওয়া ও নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে রাজনীতি করার প্রবণতা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।"

তিনি আরও বলেন, "গত ৪ তারিখে দিনভর ক্যাম্পাসে মারামারি হলো। সেটি নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রক্টোরিয়াল বডি যথাযথভাবে দায়িত্ব পালন করেছে কিনা, এই প্রশ্ন আমি আজকে আপনাদের মাধ্যমে করতে চাই।"

বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করার জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। যারা এই প্রশাসনিক পদে থেকেও যথাযথভাবে দায়িত্ব পালন করেনি, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।"

ছাত্রদল নেতাকর্মী কর্তৃক হাসপাতালে একাধিকবার আক্রমণ করার বিষয়ে নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ২৪-এর জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বিশ্ববিদ্যালয়কে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার উল্লেখ করে তিনি বলেন, "এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলেই মিলে এই বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই। এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, মানুষের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। এই বিশ্ববিদ্যালয় যদি সুন্দরভাবে না চলে, তবে এটি নিরপেক্ষ বিষয় বলে আমি মনে করি।"

প্রসঙ্গত, গত ৪ আগস্ট (মঙ্গলবার) জবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, ছাত্রশক্তি, ইনকিলাব মঞ্চসহ শিক্ষার্থীদের ওপর হামলা করে জবি ছাত্রদলের নেতাকর্মীরা। এতে জকসু ভিপি, জিএস, এজিএস, ছাত্রশক্তি সভাপতি, সেক্রেটারি, ছাত্রফ্রন্ট সভাপতিসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।