logo

স্বাস্থ্য

গোবিন্দগঞ্জে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি জলাতঙ্কের ভ্যাকসিন রোগীদের না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করায় দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

উপজেলা সংবাদদাতা

Location :

Gaibandha
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। |ছবি: দৈনিক সংগ্রাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অপরাধে তিনি দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

জানা গেছে, সকাল ১১টার দিকে মন্ত্রী গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে আসেন। তাৎক্ষণিক একজন কুকুরের কামড়ে আহত রোগীর সাথে তার দেখা হয়। তিনি ওই রোগীর কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথায় পেলেন। রোগী মন্ত্রীকে জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাহির থেকে কিনে এনেছেন।

পরে মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি ভ্যাকসিন হাসপাতাল থেকে কেন সরবরাহ করা হয় না। এ প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষ নীরব থাকলে মন্ত্রী সংশ্লিষ্ট দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

এদিকে কুকুরে কামড়ানো নারী জানান, সকালে কুকুর তাকে কামড় দেয়। এজন্য সে ভ্যাকসিন দিতে হাসপাতালে আসে। এ সময় হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই; বাহির থেকে কিনে আনতে হবে। তাই তারা বাহির থেকে কিনে আনেন। এ কথা জানার পর মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক সংকটসহ নানা সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন। মন্ত্রীর সাথে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাসুদুর রহমান আকন্দসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।