logo

রাজনীতি

ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি আতিকুর রহমানের

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান বলেন, ৫৫ বছরেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি; অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি।

জেলা সংবাদদাতা

Location :

Sunamganj
ছবি: দৈনিক সংগ্রাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অর্জনের পেছনে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও দীর্ঘ ৫৫ বছরেও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য।

শনিবার (২২ আগস্ট) ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত শ্রমিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকের মৌলিক অধিকার হচ্ছে দৈনিক আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা বিনোদন। কিন্তু বাস্তবে দেশের অনেক শ্রমিককে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। কোথাও ওভারটাইম দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকের এসব অধিকার নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে চার সদস্যের একটি পরিবারের ন্যূনতম জীবনযাপনে মাসে ২৬-২৭ হাজার টাকা প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে শ্রমিকের মজুরি তার তুলনায় অত্যন্ত কম। সাম্প্রতিক সময়ে বোর্ড কর্তৃক ছয় হাজার টাকা মজুরি নির্ধারণ করা হলে একজন শ্রমিক কীভাবে পরিবার চালাবেন, তা ভাবাও কঠিন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের দায়িত্ব।

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের প্রতিটি গণআন্দোলন ও জাতীয় অর্জনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই-আগস্টের আন্দোলনেও শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবন-জীবিকার ঝুঁকি নিয়ে তারা রাজপথে নেমেছেন। অথচ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত শ্রমিকের মৃত্যু ঘটছে। কৃষকসহ দেশের সব উৎপাদনশীল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও সাধারণ শ্রমজীবী মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। তাই শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মমতাজুল হাসান আবেদ। জেলা সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন।

এ সময় ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।