logo

রাজনীতি

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেস্ক
ছবি: দৈনিক সংগ্রাম

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম।

Islami Chhatra Shibir Dhaka Metropolitan West Branch honors GPA-5 achievers with a reception_16x9

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, নৈতিকতাবিবর্জিত শিক্ষাব্যবস্থা পরিবর্তন না করলে এদেশ দুর্নীতিতে পুনরায় চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করবে। দেশের শিক্ষাব্যবস্থায় একজন মানুষকে ধর্মচর্চা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করা হয় না, যার ফলে দিন দিন দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। দেশকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষার্থীদের ব্যক্তিজীবনে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। জুলাই আন্দোলনে ছাত্রসমাজের বুকের তাজা রক্তে গড়া নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।