logo

কৃষি

রুটিফল চাষ

বাংলাদেশের পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের নতুন সম্ভাবনা

বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আজও একটি বড় চ্যালেঞ্জ। ধান ও গমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ দেশের কৃষি ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে।

Printed Edition

আরিফুল ইসলাম

বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আজও একটি বড় চ্যালেঞ্জ। ধান ও গমের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ দেশের কৃষি ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে রুটিফল নামক একটি অপ্রচলিত কিন্তু অত্যন্ত পুষ্টিকর ফল বাংলাদেশের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। কাঁঠালের মতো দেখতে এই ফলটি বৈজ্ঞানিকভাবে আরটোকার্পাস কমিউনিস নামে পরিচিত। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় এটি ধান ও গমের শর্করাজাতীয় বিকল্প হিসেবে বিশ্বের কোটি মানুষের খাদ্যতালিকায় স্থান পেয়েছে। বাংলাদেশে বিশেষ করে গাজীপুর, সাভার, নরসিংদী, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে এর চাষের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

রুটিফল চাষ বাংলাদেশের জন্য কেন উপযোগী, তা সহজেই বোঝা যায়। এটি একটি বহুবর্ষজীবী গাছ, একবার রোপণ করলে দীর্ঘদিন ধরে ফলন দেয়। কম যতেœ ও কম খরচে চাষ করা যায়। জমির উর্বরতা রক্ষা করে এবং পরিবেশবান্ধব। অধিকন্তু, এই ফল থেকে তৈরি রুটি সাধারণ রুটির চেয়ে বেশি পুষ্টিকর। দেশে ব্যাপকভাবে উৎপাদন করা গেলে পুষ্টির ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। চাষ পদ্ধতি

রুটিফল চাষ তুলনামূলক সহজ। উষ্ণ ও আর্দ্র জলবায়ু এ গাছের জন্য উপযুক্ত। মাঝারি উর্বর, ভালো নিষ্কাশনযুক্ত মাটিতে চারা রোপণ করা হয়। বীজ বা কলমের মাধ্যমে বংশবিস্তার করা যায়। রোপণের পর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার ও প্রয়োজনীয় সার প্রয়োগ করলে তিন থেকে চার বছরের মধ্যে ফলন শুরু হয়। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে কয়েক শত কেজি ফল পাওয়া যায়। ময়মনসিংহসহ উপযোগী এলাকায় বাণিজ্যিকভাবে বাগান স্থাপন করে সহজেই লাভজনক করা সম্ভব। পুষ্টিগুণ রুটিফলের

পুষ্টিমূল্য অসাধারণ। এতে জটিল কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি, যা ধীরগতমে শক্তি জোগায়। প্রোটিন, আঁশ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিডও রয়েছে। চর্বির পরিমাণ খুবই কম। ফল সিদ্ধ, ভাজা বা আটা বানিয়ে রুটি তৈরি করে খাওয়া যায়। নিয়মিত সেবনে শরীরের শক্তি যোগায়, হজমশক্তি বাড়ায় এবং অপুষ্টি দূর করতে সাহায্য করে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দারিদ্র্য বিমোচনে ভূমিকা ও কৃষকের লাভ

রুটিফল চাষ দারিদ্র্য বিমোচনে সরাসরি অবদান রাখতে পারে। কম বিনিয়োগে উচ্চ ফলন পাওয়া যায় বলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহজেই আয় বাড়াতে পারেন। ফল স্থানীয় বাজারে তাজা অবস্থায় বিক্রি করা যায়। এছাড়া আটা, চিপস, আচার বা প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করে মূল্য সংযোজন সম্ভব। এতে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষকের আয় স্থিতিশীল হবে। কৃষকরা এই ফল চাষ করবেন কারণ এটি ঝুঁকি কম, দীর্ঘমেয়াদি আয়ের উৎস এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য হিসেবে স্থানীয় চাহিদাও রয়েছে। বাজারজাতকরণ ও রপ্তানি সম্ভাবনা

স্থানীয় বাজারে সুপারশপ, কৃষি মেলা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাজারজাত করা যায়। প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে আরও বড় বাজার তৈরি সম্ভব। আন্তর্জাতিকভাবে রুটিফল ইতোমধ্যে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে রপ্তানি হচ্ছে। বাংলাদেশে মানসম্মত উৎপাদন ও প্রক্রিয়াকরণ নিশ্চিত করা গেলে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে রপ্তানির সুযোগ সৃষ্টি হতে পারে।

পরিশেষে বলা যায়, রুটিফল শুধু একটি ফল নয়—এটি বাংলাদেশের পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের এক শক্তিশালী হাতিয়ার। সরকার, কৃষি বিভাগ ও কৃষকদের সম্মিলিত উদ্যোগে এই ফলের চাষ সম্প্রসারণ করা গেলে দেশের খাদ্য ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। সময় এসেছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর।