logo

এশিয়া

তেহরানে জমকালো গণবিয়ে

ইরানের রাজধানী তেহরানে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশটিতে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সরকারের বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ‘জানফাদা’ (ইরানের জন্য আত্মত্যাগ)

সংগ্রাম ডেস্ক
Printed Edition

ইরানের রাজধানী তেহরানে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশটিতে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সরকারের বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ‘জানফাদা’ (ইরানের জন্য আত্মত্যাগ) উদ্যোগের অংশ হিসেবে এই গণবিয়ের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটিতে একদিকে যেমন ছিল ঐতিহ্যবাহী বিয়ের আমেজ, অন্যদিকে তেমনি ফুটিয়ে তোলা হয়েছে তীব্র দেশাত্মবোধক প্রতীকী রূপ।

গত সোমবার তেহরানে অনুষ্ঠিত এই গণবিয়েতে অংশ নেওয়া নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ। অনুষ্ঠানস্থলজুড়ে উড়ছিল ইরানের জাতীয় পতাকা। বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি অনুষ্ঠানটিতে বৈচিত্র্য এনেছে একটি বিশেষ প্রদর্শনী। সেখানে একটি লিলি বা হালকা বেগুনি রঙের বিশাল ‘খাইবার-বাস্টার’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যার পাশে দাঁড়িয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে। এ ছাড়া উৎসুক শিশুরা বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তাঁর প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিকৃতি হাতে নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়। নবদম্পতিদের জীবনের নতুন অধ্যায় শুরুর এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন উপস্থিত স্বজন ও গণমাধ্যমকর্মীরা। বর-কনেদের হাতে গোলাপ ফুল, হাসিমুখে সেলফি তোলার আমেজ আর ঐতিহ্যবাহী সাজপোশাক পুরো আয়োজনে এনে দিয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নবসজ্জিত পিকআপ ট্রাকে চড়ে নবদম্পতিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।