logo

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এনডিটিভি

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে নয়াদিল্লি সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ছবি: সংগৃহীত

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে নয়াদিল্লি সফর করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতা গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম ভারত সফর। দুই দিনের এই দ্বিপক্ষীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, এই সফর তা নিরসনে একটি বড় মাইলফলক হতে পারে। দুই নেতার বৈঠকে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আসন্ন ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

এ ছাড়া শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও দুই দেশের সম্পর্কে একটি বড় ইস্যু হিসেবে রয়েছে। তবে সমস্ত অমীমাংসিত বিরোধ এক সফরে সমাধান না হলেও, দুই শীর্ষ নেতার এই সরাসরি বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সুযোগ তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্ট কূটনৈতিক মহল। বর্তমানে সফরটির দিনক্ষণ চূড়ান্ত করার কাজ চলছে।