logo

ফুটবল

তিন বিশ্বকাপ পর নকআউট ম্যাচ জিতে শেষ ষোলোতে স্পেন

মিকেল ওইয়ারসাবালের জোড়া গোল এবং পেদ্রো পোরোর এক গোলের সুবাদে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition

মিকেল ওইয়ারসাবালের জোড়া গোল এবং পেদ্রো পোরোর এক গোলের সুবাদে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর গত তিন বিশ্বকাপে আগেভাগেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। এমনকি তিন আসরের কোনোটিতেই একটিও নকআউট ম্যাচ জিততে পারেনি দলটি। অবশেষে সেই ধারা ভেঙেছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়াকে সহজেই হারিয়ে ১৬ বছর পর নকআউট পর্বে কোনো ম্যাচ জিতলো স্প্যানিশরা। শেষ ষোলোর ম্যাচে স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে বিজয়ী দল।

ম্যাচের শুরুটা স্বভাবসুলভ ভঙ্গিতে বল পায়ে রেখে শুরু করেছিল স্পেন। প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর মূলত আক্রমণে ওঠা শুরু করে দলটি। ২৯ মিনিটে কর্নার থেকে আসা বল ঠিকভাবে ক্লিয়ার করতে না পারায় জালে জড়িয়েছিলেন মার্ক কুকুরেয়া। কিন্তু অস্ট্রিয়া গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউলের অভিযোগে সেই গোল বাতিল করা হয়। এর ৭ মিনিট পর কুকুরেয়ার অ্যাসিস্টেই স্পেনকে এগিয়ে নেন ওয়ারজাবাল। বক্সের বাঁ প্রান্ত থেকে কুকুরেয়া বল পাঠান একদমই অরক্ষিত অবস্থায় থাকা ওয়ারজাবালকে। সেটি জালে জড়াতে একদমই বেগ পেতে হয়নি তাকে। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লা রোহারা। তবে বিরতির আগে লামিন ইয়ামাল সহজ সুযোগ মিস না করলে দ্বিতীয় গোলটা স্পেন তখনই পেতে পারত। অ্যালেক্স বায়েনার দারুণ ফ্রি-কিক বারে লেগে ফেরত এসে ডিফেন্ডারের পা ঘুরে ইয়ামালের কাছে আসে। তবে সেটিকে গোলে পরিণত করতে পারেননি বার্সেলোনা তারকা, সরাসরি মেরেছেন শ্লাগারের গায়ে।

অবাক করা হলেও সত্য, এই ম্যাচের আগে বিশ্বকাপের নকআউট ম্যাচে স্পেন এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ২০০২ সালে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে! বিরতি থেকে ফিরে দারুণ একটি রেকর্ড হয়েছে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের। কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে ছাড়িয়ে সিমনই এখন বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি মিনিট গোল হজম না করা স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচে স্পেন দ্বিতীয় গোলের দেখা পায় ৬৬ মিনিটে। বায়েনার ক্রস থেকে হেড করে স্পেনের হয়ে নিজের প্রথম গোল পেয়েছেন রাইটব্যাক পেদ্রো পোরো। ৮৯ মিনিটে আবারও কুকুরেয়ার অ্যাসিস্টে খুব সহজে নিজের দ্বিতীয় গোল পান ওয়ারজাবাল। স্পেনের হয়ে গত ১৬ ম্যাচে এটি তার ১৭তম গোল। এই জয়ের মাধ্যমে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে স্পেনের অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ হলো। সব মিলিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকল লুইস দে লা ফুয়েন্তের দল। দারুণ এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই এখন শেষ ষোলোর পরবর্তী চ্যালেঞ্জের অপেক্ষায় স্পেন।